বেজিং: অরুণাচল প্রদেশের সীমান্ত নিয়ে চিনের সঙ্গে ভারতের সংঘাত দীর্ঘদিন ধরেই। এই রাজ্যের কিছু অংশ চিনের নিজেদের বলে দাবি করে থাকে। বিশ্ব জুড়ে যখন করোনা মহামারীর সঙ্গে লড়াই চলছে, তার মধ্যেই প্রকাশ্যে এল চিনের বিরুদ্ধে বিতর্কিত ম্যাপ প্রকাশের অভিযোগ। নতুন ম্যাপে অরুণাচলের বেশ কিছু অংশ যোগ করে নিয়েছে চিন।

ADVERTISEMENT

স্কাই ম্যাপ’ নামে এক সংস্থা নতুন এই আপডেটের ম্যাপ তৈরি করেছে। জানা যায়, বেজিং-এর ন্যাশনাল সার্ভেয়িং অ্যান্ড ম্যাপিং জিওগ্রাফিক ইনফরমেশন ব্যুরোর তত্ত্বাবধানে এই ম্যাপ তৈরি হয়। সম্প্রতি দেখা গিয়েছে, সেই স্কাই ম্যাপেই চিনের নতুন ম্যাপ। তাতে রয়েছে নতুন ইন্টারন্যাশাল বর্ডার। আর সেখানে চিনের সীমান্তের মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ।

ব্রিটিশ ভারতের অংশ ছিল অরুণাচল প্রদেশ। পরে ম্যাকমোহন লাইন তৈরি হওয়ার পর থেকে অরুণাচল আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হিসেবে পরিচিত হয়। ভারত ও তিব্বতের মাঝে ওই লাইন তৈরি করা হয়।

এতদিন পর্যন্ত ১৯৮৯ তে তৈরি করা ম্যাপই প্রকাশ করে আসছিল ‘স্কাই ম্যাপ।’ এরপর থেকে চিনের সঙ্গে রাশিয়ার সীমান্ত সমস্যাও সমাধান হয়েছে। কিন্তু, সেসব আপডেট করা হয়নি ম্যাপে।

সংবাদমাধ্যম DW নিউজের রিপোর্ট অনযায়ী, সম্প্রতি বেশ কয়েকজন স্কাই ম্যাপে পরিবর্তন দেখতে পান। বিশেষত ভুটান ও ভারতের মধ্যেকার সীমান্ত রেখা লাল দাগ দিয়ে দেখানো হয়েছে।

ভারতের আকসাই চিনের একাংশও রয়েছে চিনের দখলে। প্রায় ৩৭০০০ স্কোয়্যার কিলোমিটার অঞ্চল।

অন্যদিকে, করোনা মহামারীর মাঝেও থেমে নেই চিন। দক্ষিণ চিন সাগরে এখনও নিজেদের কার্যকলাপ জারি রেখেছে চিন। এর মধ্যে তাই চিনকে কড়া হুঁশিয়ারি দিল আমেরিকা। নিজেদের ব্যবহার সংযত করার বার্তা দিয়েছে ওয়াশিংটন।

দক্ষিণ চিন সাগরের তীরে তেল বা গ্যাসের কারখানাকে লক্ষ্য করে চিন এগোচ্ছে বলে দাবি আমেরিকার। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার চিন সরকারের একটি সার্ভে জাহাজ ওই জলে ঘোরাফেরা করছিল। মালয়েশিয়ার একটি তেলের সংস্থার ভেসেলকে লক্ষ্য করে ওই মার্কিন জাহাজ এগোচ্ছিল বলে অভিযোগ।

গত শনিবার আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতি দিয়ে জানায়, ”আমেরিকা চিন বারবার উত্তেজক কার্যকলাপ করছে। আর তা নিয়ে আমেরিকা যথেষ্ট উদ্বিগ্ন। চিনের উচিৎ নিজেদের ব্যবহার সংযত করা। অস্থিরতা তৈরি হতে পারে এমন কাজকর্ম থেকে বিরত থাকুক চিন।”